সত্যের মৃত্যু নেই ইলহাম সাদি তুমি এমন এক…

সত্যের মৃত্যু নেই
ইলহাম সাদি

তুমি এমন এক জীবন বেছে নেবে,
যেখানে প্রতিটা মূহুর্ত হবে কথাহীন কর্মের সাক্ষী।
কোনো কারণ ছাড়াই তুমি মানুষের পাশে দাঁড়াবে,
নিজেকে আড়াল করে রাখবে আলোর উৎসে।

তোমার চলায় থাকবে দৃঢ়তা,
কথায় থাকবে সত্য-
আর কাজে থাকবে মানবতা-
যা আত্মসম্মান নিয়ে বাঁচবে।
যার শক্তি নীরবতার গভীরে,
তুমি থাকবে কোটি মানুষের অন্তরে।

তোমার ভালোবাসা হবে দায়বদ্ধ,
তোমার প্রতিবাদ হবে নিঃশব্দ কিন্তু অবিচল।
যেদিন তুমি ভুবন ছেড়ে চলে যাবে
পৃথিবী সেদিন অনুভব করতে পারবে
তুমি হারানোর ব্যাথা।

তোমার চলে যাওয়ার খবর
ভেঙে দেবে বহু স্তব্ধ হৃদয়।
তুমি তখন হাসবে,
কারণ তুমি জানবে,
তোমার জীবন কোনো অভিজ্ঞান ছিলো না।
ছিলো একটি দায়িত্ব,
যা শেষ করে এসেছো সম্মানের সঙ্গে।
আর ভুবন কাঁদবে,
কারণ তোমার মতো এমন মানুষ
প্রতিদিন জন্মায় না।

প্রিয় ওসমান হাদি
তুমি আজ আর শুধু নাম নও,
তুমি একটি ইতিহাস,
একটি শপথ,
একটি অগ্নিশিখা,
যতদিন মাথা উঁচু করে,
সত্য কথা বলার মানুষ থাকবে এই দেশে
ততদিন তোমার রক্ত
এই মাটিতেই কথা বলবে।

Comment