শীত এলো
শাহানারা ঝরনা
ধূপছায়া রং মেখে শীত এলো গাঁয়েতে
রিনিঝিনি সুরবীণা বেঁধে তার পায়েতে
খেজুরের রসে আর রসপিঠা পুলিতে
শীত এলো শিল্পীর আঁকা রং তুলিতে।
মেঠোপথ নদী, ফুল , সবুজের বনেতে
কিশোরির এলোচুল চঞ্চল মনেতে
মায়াময়ী কিষানীর কুঁড়েঘর বাড়িতে
শীত এলো সখিনার স্বপ্নের শাড়িতে।
সোনারং গোধূলির দীঘিজল পুকুরে
রাঙাবঊ , নায়রীর আশা-মন মুকুরে
শিশুদের কোলাহল মাছেদের খেলাতে
মাঠভরা শরিষার হলুদাভ মেলাতে
ছায়াময় আঙিনায় গাছপাতা ধূলিতে
শীত এলো বুড়িমা’র ভিক্ষার ঝুলিতে !
Comment

