আজ ঋকু হারানোর দিন আজ কুয়াশায় ভেজা দিন!…

আজ ঋকু হারানোর দিন

আজ কুয়াশায় ভেজা দিন! আজ কনকনে শীত, শোক ঋকু হারানোর দিন!

আজ এস্কিমোদের মত বরফে ঢাকা ইগলু। আজ ঠান্ডায় জবুথবু বেড়াল, কুকুর মানুষ! আজ পাখিরা ছাড়ে নি বাসা। আজ সব রোদ লুকিয়েছে চাঁদে! আজ জ্বলেছে পিদিম চাঁদের এবড়ো খেবড়ো গুহায়!

আজ বোধের বাগানে তালা। সুনসান পাতাঝড়ার শব্দে জাগে ধবল বক আর তার ছানা! আজ শিকারে তাড়া নেই। আজ খাবারে অনিয়ম! আজ পাখনার ওমে জমে ছানার শরীর!

আজ শীত, আজ রোদের পান্ডুর গালে জ্বলে ঋকু হারানোর বেদনা, শোক! এই শীতে, এই হাড় কাঁপানো বেদনায় কোথায় ঋকু, কোথায় নিরুদ্দেশ হলো
দুগ্ধপোষ্য ছেলেমেয়ে মাতৃহীন রেখে! শরীরী তাগিদটুকু বড় হলো তার, বাৎসল্য মূল্যহীন! আবেগের জলো হৃদয় তবে শুকিয়ে খরখরে চড়া!!

আজ ঠান্ডা, ঠান্ডা কুয়াশা-ঘন দিন! আজ ঋকু হারানোর দিন! আজ এই শহরে চলছে শোক, শীতের মাতম!

২৬ ডিসেম্বর, ২০২৫
শুক্রবার, জুমা বার
ধানমন্ডি ঢাকা ©রাগিব রেকিশি

Comment