Siuli pal baral

কবিতা — খোঁজ

আমার অবৈধ কিছু চাওয়া থেকে জন্ম নিলো কালো
আমার চোখের বর্ণহীন জল থেকে জন্মালো সাদা
আমার অগভীর অকৃত্রিম প্রেম থেকে জন্মালো লাল । প্রকৃতি আমাকে তার অফুরন্ত সবুজ থেকে একটু সবুজ ধার দিল ।
পরে আমার শূন্যতা থেকে জন্মালো নীল । আকাশ দিলো আকাশী ।
হলুদ পেলাম ফুলের থেকে । গোলাপ কিছু কাটার সাথে দিল গোলাপী ।
অথচ আমার জীবন রামধনু দেখলো না ।
ভারী আশ্চর্য লাগে ওই সব রং নিয়ে তুমি গেলে কোথায়
কোথায় ?
আমার ঘুমহীন রাত থেকে জন্ম নিলো স্বপ্ন রা
আমার অনুভূতিরা জন্মালো ভালোলাগার ঔরসে
আত্মবিশ্বাস থেকে জন্ম নিয়েছিল কিছু আশা রা
প্রতিদান প্রত্যাশা রা ছিল বেজন্মা।
দূরত্ব থেকে জন্ম নিয়েছিল ভয় ।
দীর্ঘশ্বাস থেকে জন্মেছিলো চেতনা ।
উপলব্ধি বোধ জন্ম দিয়েছিল শিক্ষাদের ।
অথচ আমি চিরকাল প্রজ্ঞাহীন রয়ে গেলাম ।
ভারী আশ্চর্য লাগে আমার সব চেতনা জাগরণ
নিয়ে তুমি গেলে কোথায় ?
অপরাহ্নে আক্রান্ত সূর্যের মতো তুমি কোথায় গেলে !
আমার অপলক অনিমেষ দৃষ্টি থেকে জন্ম নিলো
ঝাপসা অন্ধত্ব ।
আমার যন্ত্রণা থেকে জন্ম নিল নৈরাশ্য ,
নৈরাশ্য জন্ম দিল অমোঘ মৃত্যু ইচ্ছা কে
আমি নক্ষত্রের জীবন পেয়েছি সে ইচ্ছা মৃত্যু থেকে ।
চেয়ে থাকি আকাশের বুকে পড়ে থাকি ।
আশা রাখি যদি তুমি রামধনু রং , চেতনার জাগরণ ফিরিয়ে দিতে ডাকো কোনদিন, খোঁজো যদি !
কিংবা আসো যদি এই আকাশ পথে ।
আমার আমি কে ফিরিয়ে দিতে ।

Comment