ফিনিক্স
আচ্ছা শুনেছ কি তোমরা ফিনিক্স পাখির কথা !
পবিত্র অনল প্রভা হতে জন্ম নেয় যেটা।
নিজের বাসায় আগুন দিয়ে নিজেই পুড়ে মরে,
আপন দেহ ভস্ম হতে নিজেকে সৃষ্টি করে।
অগ্নি শিখায় নতুন করে নিজেকে বানায় নিখুঁত,
যত পোড়ে যত জ্বলে ততই হয় মজবুত।
আমিও সেই ফিনিক্স পাখি জ্বলতে পুড়তে জানি।
নিজেই চিতায় আগুন দিই, জ্বালাই প্রাণখানি।
দগ্ধে দগ্ধে ছাই হয়ে যাই ,আসেনা চোখে জল,
ডানায় যে আমি আগুন রাখি বোধয় এ তারই ফল।
দেখি যখন আমার আমি ভাঙছি সহস্র বার,
নিজেকে জ্বালিয়ে নিখুঁত বানাই আমিও ততবার।
বুকের মাঝেতে আগুন ধরাই চোখে রাখি কঠোরতা ,
না যদি পুড়ি, না যদি জ্বলি, তবে কিসের যুদ্ধ জেতা!
আমি যে আমাকে হারাবো তবে বিবেকদ্বন্দ্ব না হলে,
আমার আমি যে নিখোঁজ হবো গহীন গোপন অতলে।
তাইতো আমি ফিনিক্স হয়েছি, পুড়েই জন্ম নেব।
গত জন্মের আমার আমিতে শ্রেষ্ঠত্ব নিয়ে ফিরব।

