অসামাজিক
সোহাগ ঘোষ
কতকাল শেষরাতে গলা ছেড়ে পড়া হয় নি, জীবনানন্দ দাশের কবিতা
প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে ডুবে যাই নি, ভর দুপুরে
রবীন্দ্র সঙ্গীত শুনতে শুনতে পার করে দেই নি, গোটা একটা দিন
অথবা বিদ্রোহের কলম হাতে শত শত নির্ঘুম রাত।
কতকাল যাওয়া হয় নি, মাটির কাছে— যেখানে শেকড়ের টান
কান পেতে শোনা হয় নি, অন্তরের আর্তনাদ
ভালো করে ভালো পর্যন্ত বাসা হয় নি, লালিত সত্তাকে
অথবা লড়া হয় নি, সত্যিকারের অস্তিত্ত্ব রক্ষার লড়াই।
কতকাল বাঁচা হয় নি নিজেদের মতো করে
রাখা হয় নি মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাঁড়ি আর হৃদয় ভর্তি অমিত শক্তির ভিত
ফেরা হয় নি ঘরে, যেখানে জীবন ভরে ওঠে মায়ের অনুরাগে
অথবা সমাজ চিন্তার ভীড়ে ভুলে গেছি বাবার ভালোবাসা।
কতকাল হই নি আমরা সংঘবদ্ধ— অসামাজিকের দল
উপেক্ষা করি নি সভ্যতার নষ্টামির বাহক গণ্যমান্য বাবুদের
খন্ডন করি নি মূর্খ মোড়লের আত্মস্বার্থ হাসিলের ফাঁদ
অথবা আমরা আবার উঠব জ্বলে— রুখে দিতে সকল অন্ধকার?
২৮/১০/২৩
১০৪, শরৎ গুপ্ত রোড, নারিন্দা, ঢাকা।
১০ঃ১৬(রাত)

