Asif Altaf

Asif Altaf

একটি চুলের ক্লিপের আত্মকথাll আসিফ আলতাফ

আমি একটি চুলের ক্লিপ; অতি সাধারণ
এবং আমাকে সংগত কারণে তোমরা তাচ্ছিল্য করতেই পারো ।
.
তোমাদের মতো আমার কোনো রাগ, হিংসা বা বিদ্বেষ নেই ,
আমি শুধু জানি এক অবিচ্ছেদ্য ভালোবাসার নামতা ।

আমি কোনো রমণীর দীঘল চুল বুকে ধারণ করি আর ঐশ্বৈর্যমণ্ডিত হয়ে উঠি ,
আমার বুকে তখন একটি নদী ঢেউয়ের সঙ্গীত-সন্ধ্যায় মেতে ওঠে
আর আমি একাই সহস্র শ্রোতার মুগ্ধতায় নিমগ্ন হই ।

আমি মুঠো আলগা করে দেই কখনো কখনো এবং খেলাচ্ছলে
আর ঝিঁঝিঁ পোকার ডাকের মতো
কারো মনে মধুময় অন্ধকার নেমে আসে।
.
বাতাস পিয়ানো বাজালে খোলা চুলও নেচে ওঠে
ধ্রুপদী নাচে,
আমি নাচ দেখতে দেখতে তার বুকে মুখ গুঁজে ঘুমিয়ে পড়ি
আর গভীর স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে যাই ।
.
আমি একটি চুলের ক্লিপ এবং এটাই সত্য
তবে আরও একটি লুকায়িত সত্য হচ্ছে যে
আমি কেবল মাত্র একটি ক্লিপ নই
আমি কোনো এক মুগ্ধ প্রেমিকের স্বপ্নের পাহারাদার।
৪.৬.২০২০

Comment