****#ঝিনুক বেলা#****
****অরিজিৎ রায়****
একটি ছোট ঝিনুক দিলাম
যত্ন করে রেখ,
ঝিনুক মানে সুপ্ত প্রাণ এক
তোমার মনের যত।
সাজিয়ে রেখ মনের ঘরে
না বলা যত কথা –
সরল মনের কথোপকথন
তোমার যত ব্যথা।
একলা হলে ভিতর ঘরে
বৃষ্টি ভীষণ ঝরে,
ঝিনুক বেলা সাজিয়ে দিলাম
নিও গো আপন করে।
জল মেখেছ সারাটি রাত
মেঘ জমেছে মনে,
উজাড় করে কাঁদলে যেন
ঝিনুক কথা বলে।
খোলস জানে কঠিন সে যে
ভিতর ঘরে প্রাণ,
তোমার সকল নিজের করে
হয়েছি ম্রিয়মান।
ভালোবেসে যেমনি ছুঁলে
নোনা জলের ঘুম –
সমুদ্র ঝড় উঠল জেগে
ভাঙলো যত ভুল।
এপার ওপার গহীন সাগর
জীবন ডিঙি বায়,
মেঘ মুলুকে ডাক দিয়েছি
আনন্দ সন্ধ্যায়।
Comment

