Tarun Kumar Indu

কবিতা: অবুঝ ভালোবাসা
কলমে: তরুণ কুমার ইন্দু

কখনো আলোর কণায় আসো
কখনো মনের ছায়ায়় ভাসো;
কখনো ছড়াও নরম কিছু ছোঁয়া
কখনো মাতাও সুরভিত হাওয়া,
যেন এ আমার অন্তরের মৌন এক দোয়া।।

কখনো বিলাও মনের সুবাস
কখনো ভরাও রঙীন আকাশ;
কখনো ছড়াও কাকলির শীষ
কখনো ঝরাও পবিত্র বারিষ,
যেন এ আমার প্রাণে শ্বেত শুভাশীষ।।

কখনো নতুন ভোরের আভা
কখনো ফাগুনের আগুন শোভা;
কখনো তারার মিঠে ঝিলমিল
কখনো দু’চোখে নামে স্বপ্ন-মিছিল,
যেন আমার এ হৃদয়ে হয়েছো সামিল।।

কখনো চঞ্চল ঝরণার সে ছন্দ
কখনো আধ ফোটা চাঁপার গন্ধ;
কখনো পেলব সুপ্ত মরুপিয়াসা
কখনো নীরব চোখের সে ভাষা,
যেন এ আমার চির অবুঝ ভালোবাসা।।

Comment