গাধার জীবন
—দীপক বেরা
মালিক সারাদিন খাটিয়ে খাটিয়ে মারে
একটু বসার জো নেই তোমার
এখন তো কাজ নেই ভাই, একটু অন্তত বসো
আসলে, যদি কোনো কাজের ফরমায়েশ আসে
তাই সে দাঁড়িয়েই থাকে সারাক্ষণ…
এ হলো এক গাধার জীবন
মাথার দুপাশ থেকে কান ছিঁড়ে নিয়ে গেছে চিল
খাটুনির ঘানি টেনে টেনে টেরই পায়নি সে
সারাদিন দাঁড়িয়ে থেকেও, পা দুখানি স্বপ্ন দেখে
একটুখানি নিজের পায়ে দাঁড়াবার
কানকাটা দিনগুলি কানে হাত দিয়ে খোঁজে কান
জানেও না, কে কবে যে চুরি করে নিয়ে গেছে কান
‘এ ঘোর অন্যায়’ জেনেও, গাধা কিংকর্তব্যবিমূঢ়!
মাথায়, কপালে কেন জমে এত ঘাম?
সারাদিনমান দাঁড়িয়ে থেকেও
কেন মাঝে মধ্যে একটু ঘুরে দাঁড়াতে হয়?
এসব গূঢ় প্রশ্ন মনে জাগাতে গেলে, কিংবা
এসব প্রশ্নের উত্তর পেতে হলে
গাধার ফ্রেশ একটা নতুন জীবন চাই—
শোনো গাধা, এবার অন্তত তুমি মনে মনে ঘোড়া হও
তাতে অন্তত যে তোমার পিঠে চড়ে বসবে, তার
একটু হলেও পড়ে যাওয়ার একটা ভয় থাকবে
এবং সে তোমাকে একটু হলেও সমীহ করে চলবে
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০১|০২|২০২৬

