Susanta Kumar Ghosh

Susanta Kumar Ghosh

বিচ্ছেদ

নোনা পথের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎই পরিচয় তোমার সাথে,
অন্ধকার পিচ্ছিল পথে শক্ত করে ধরে থাকা হাতটাই ছিল আমার একমাত্র ভরসা,
ব্যস্তময় জীবনের দম বন্ধ করা ঘরে তুমি ছিলে খোলা বাতায়নে আসা এক দমকা বাতাস,
আজ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা সম্পর্কের প্রতিটি মুহূর্ত চুঁইয়ে পড়ে চোখের কোনায় নোনা জল হয়ে।

শহরের কোলাহল ছাড়িয়ে দূরে কোন এক খোলা প্রকৃতির নির্জন কোলে ছিল তোমার আমার বিচরণ ,
জোছনা ভরা রাতে চাঁদের টানে সমুদ্রের বুকে জেগেছিল ঢেউ,
স্নিগ্ধ সমীরণে গাছের পাতায় বেজেছিল মর্মর ধ্বনি ,
বৃষ্টির পরশে রুক্ষ মাটি পেয়েছিল এক টুকরো সুখ,
প্রেম, প্রীতি, ভালবাসায় মোড়া ধূসর মন দেখেছিল রঙ্গিন স্বপ্ন রাত্রি শেষে ভোরের ঘুমের দেশে ।

আজ বিচ্ছেদের পালা।

হারিয়ে গেলে তুমি অনেক অনেক দূরে,
প্রজ্জ্বলিত চিতার আগুন পুড়িয়ে চলে তোমার নশ্বর দেহ,
এক মনে নীরবে নিঃশব্দে পুড়ে চলে তোমার আমার একসাথে চলা মধুর মুহূর্তগুলি ।
রয়ে যায় কত টুকরো স্মৃতি ,
অস্পষ্ট কুয়াশায় দিকভ্রান্ত নাবিকের ন্যায় আমি একা আজ বেদনার বালুচরে ।

Comment