জিয়াউর রহমান শিলন

জিয়াউর রহমান শিলন

নীরব লাল বাক্স ।

পোস্ট অফিসের পাশে দাঁড়িয়ে নীরব লাল স্মৃতিবাক্স,
রঙ ফিকে হলেও ভরে আছে তার চিঠির ছোট্ট ছোট্ট গল্প।
এক সময় মানুষ আসত, থামত এখানে এসে,
মনের কথা কাগজে লিখে রেখে যেত ভেসে।
মায়ের লেখা সন্তানের নামে আদরের ভাষা,
বাবার চিঠিতে থাকত ভরসা, থাকত আশা।
প্রেমের কথাও লুকিয়ে থাকত কাগজের ভাঁজে,
লাজুক শব্দে ভালোবাসা জমত এই বাক্সের মাঝে।
রানার এসে খুলে নিত চিঠির ভরা মুখ,
খবর নিয়ে ছুটে যেত, ভাঙত অনেক দুঃখ।
চিঠির সাথে যেত হাসি, যেত চোখের জল,
ডাকবাক্স ছিল মানুষের আপন সম্বল।
আজ আর কেউ তাকায় না তার দিকে ফিরে,
ডিজিটাল দুনিয়ায় সবাই ব্যস্ত অন্য নীড়ে।
মোবাইলের পর্দায় বন্দি সম্পর্কের গান,
হারিয়ে গেছে কাগজের সেই আপন টান।
মানুষ বদলেছে, বদলেছে সময়ের পথ,
স্মৃতিগুলো আজ দাঁড়িয়ে আছে নীরব রথ।
মানুষের মতো লাল বাক্সটিও দাঁড়িয়ে একা,
কাজ হারানো বুকে নিয়ে—নীরবতার দেখা।
~ জিয়াউর

Comment