বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
দুয়ারে দাঁড়িয়ে ছোট্ট শিশুটি গুনছে প্রহর রোজ,
বাবা কি ফিরবে? আনবে কি আজ তার জীবনের খোঁজ?
বৃদ্ধা মা-বাবা ঝাপসা চোখেতে পথের পানে চায়,
ছেলের ফেরার প্রতীক্ষা শুধু বিষণ্ন সন্ধ্যায়।
প্রিয়তমা তার হাসিমুখে হাতে এঁকেছিল আল্পনা,
দেশসেবায় সঁপে দিয়ে তারে করেছিল কল্পনা।
সংসারসুখ তুচ্ছ করিয়া পাড়ি দিলে দূর পথ,
বুকের ভেতরে জ্বলছিল শুধু দেশরক্ষার শপথ।
হঠাৎ করেই আকাশটা কেন মেঘেতে হলো কালো?
মুহূর্তে বুঝি নিভে গেল সব গৃহের প্রদীপ আলো।
বাবার হাতের সেই উপহার পৌঁছাল না আর ঘরে,
কান্নাভেজা এক নীরব শহর গুমরে গুমরে মরে।
শ্রীনগরগামী সেই রণপথে নামে বিভীষিকা ঘোর,
পুলওয়ামার তপ্ত ধুলোয় ছিঁড়ল প্রাণের ডোর।
আজকের এই দিনে ঝরল রক্ত, স্তব্ধ হলো প্রাণ,
মাটির মমতায় মিশে গেল সব ত্যাগের অমর গান।
রক্তে ভেজা ধুলোমাখা সেই কঠিন ধমনী-পথ,
সাক্ষী রইল বীরত্বের আর অটুট সে শপথ।
স্বজন হারার আর্তনাদ আজো হিমালয় ছুঁয়ে যায়,
তোমাদের এই ঋণ মেটানোর ভাষা কি আছে ধরায়?
স্মৃতির পাতায় অম্লান রবে তোমাদের এই দান,
হৃদয়পটে খোদাই রবে ত্যাগের অমল নাম।
নত শির রবে মোর শুধু ঈশ্বরেরই দ্বারে,
শ্রদ্ধাঞ্জলি সঁপিলাম আজ বীর শহীদের তরে।
জিয়াউর রহমান শিলন

Comment
