কবিতার নাম: সময়ের বিষফল
বদলে গেছে দিনকাল আজ, বদলে গেছে রীতি,
ভেজাল খাদ্যে বিষ মিশিয়ে আনছে মানুষ দুর্গতি।
তাজা ফলের রঙটা নকল, বিষে ভরা মাছ,
অসুখ-বিসুখ দিচ্ছে হানা, নড়ছে প্রাণের গাছ।
রক্তে এখন সুগার নাচে, প্রেসার বাড়ে রোজ,
থাইরয়েডের ভারে শরীর হারায় আপন খোঁজ।
ঘরে ঘরে মারণব্যাধি ক্যান্সারের ওই থাবা,
অকালমরণ ডাকছে পিছে— বুঝবে কবে বাবা?
মাঠের শস্যে সার ঢেলেছি, মনে বিষের জ্বালা,
নিজের হাতেই গাঁথছি মোরা মরণ-বরণ মালা।
শহুরে ধোঁয়ায় ফুসফুস আজ খুঁজছে একটু হাওয়া,
কৃত্রিমতায় পূর্ণ হলো সব পাওয়া আর চাওয়া।
সুস্থ দেহ, সুস্থ মন— আজ বড় দুর্লভ অতি,
সভ্যতার এই চরম দম্ভে হচ্ছে প্রাণের ক্ষতি।
সময় থাকতে ফেরাও মোড়, ফেরাও খাঁটি প্রাণ,
তবেই বাঁচবে আগামী দিন, তবেই সাম্য গান।
Comment

