আমি বাংলা ভালোবাসি
বিশ্বজিৎ মানিক
আমি বাংলা ভালোবাসি–
মায়ের কন্ঠে ভোরের প্রথম ডাক শুনে,
আমার বুকের ভেতর জেগে থাকা বাংলা
শুধু স্মরণিকা নয়– অন্তর্লীন স্রোতের রক্তিম স্পন্দন।
একুশের সকাল আসলে
শিমুলের রঙ মিশে যায় আমার উচ্চারণে,
বাংলা তখন শুধু আর নিছক ভাষা নয়–
এ আমার নদী, ফুল, মাটি
আর রক্তে লেখা ইতিহাস।
কৃষ্ণচূড়ার মালা হাতে দাঁড়াই
শহীদ মিনারের সিঁড়িতে
পায়ের নিচে কেঁপে ওঠে রাজপথের মাটি,
আমি শুনি গুলির প্রতিধ্বনি
আর তার ভেতরেই জন্ম নেয়
নতুন বর্ণমালা।
আমার সন্তানের মুখে যখন
‘মা’ উচ্চারিত হয়
আমি দেখি ১৯৫২-র অমর রক্তধারা।
Comment

