Ziaur Rahaman Shilon

Ziaur Rahaman Shilon

শিরোনাম: কাগজের মানুষ
জন্মেই দেখি নার্স খুজছে শংসাপত্র কই,
হাসপাতালের ফাইলে আমি ছোট্ট একটা সই।
মায়ের কোলটা পরে হবে, আগে দরকার ডেটা,
কাগজ না কি প্রমাণ দেবে— আমিই বাবার বেটা!
পড়তে গেলেই মার্কশিট আর সার্টিফিকেটের ঢল,
জ্ঞানের চেয়েও ওজন বেশি কাগজের ওই ফল।
চাকরি খুঁজি? বায়োডাটা পাঁচটা পেজের চাই,
যোগ্যতাটা তুচ্ছ অতি, স্ট্যাম্প আছে কি ভাই?
বাসা বদল? এগ্রিমেন্ট আর ভাড়ার রসিদ আনো,
মানুষ তো নও, তুমি কেবল ডকুমেন্টের খানো!
ব্যাংকে গেলে আধার কার্ডের ফোটোকপিটা মাস্ট,
নইলে তোমার জমানো টাকা হবেই ভস্মসাৎ।
প্রেম করতেও লাগবে বুঝি স্ট্যাম্প পেপারের বয়ান,
কাগজ ছাড়া বিশ্বজুড়ে বাড়ছে এখন প্যানপ্যান।
বিয়ের পিঁড়িতে বসার আগে ম্যারেজ সার্টিফিকেট,
ভালোবাসার দাম যে কমেছে— এটাই বড় স্টেট!
মরার পরেও নিস্তার নেই, ডেথ সার্টিফিকেটে টান,
কাগজ ছাড়া শ্মশানেতেও জুটবে না সম্মান।
পরকালেও যমরাজ যদি নথিপত্র চায়,
মানুষ তবে ফাইলে ঢুকে স্বর্গ-নরক পায়!
রক্ত-মাংস মিথ্যে সবই, কাগজই শেষ কথা,
নথির ভারে নুয়ে পড়ছে সভ্যতার এই মাথা।
মানুষ মরে দলিল বাঁচে, এটাই পরম সত্য,
আমরা সবাই এখন কেবল কাগজের অনুভৃত্য!

Comment