Swapankumar Pahari

এক ডজন ছড়া
(ষষ্ঠ কিস্তি)
স্বপনকুমার পাহাড়ী

মিস জুডি

গুডি গুডি মিস জুডি
‘ম্যালগুডি ডেজ’
পড়তে পড়তে করে
বইটার প্রেজ।

বইটার প্রেজ, সাথে
লেখকের গালে
গালে নয়—চুম্বন
দিয়েছে কপালে!

পিন্টু পোহান

জাপান গিয়ে পিন্টু পোহান
চার বেলা রোজ খাচ্ছে গোহান ।
গোহান হোলো ভাত
ওতেই পুরো মাত
আর কিছু তো চায় না মোটে
জুটলে শেষে জোয়ান।

কলসী কক্ষে

কলসি কক্ষে ঘাগরাটি মনোহরা
চলেছে প্রমীলাবাহিনী কলস্বরা
হাসিতে নেইকো বাঁধ
বোঝে কি ফুল্ল চাঁদ
ভাবে বুঝি আজ সবাই স্বয়ম্বরা!

জুডি ম্যাম

গুডি গুডি জুডি ম্যাম
নেই কোনো ঘ্যাম
বাড়ি থেকে হেঁটে এসে
ধরবেন ট্র্যাম।

ট্র্যাম থেকে নেমে ফের
পাবলিক বাস–
স্কুল গেটে নেমেছেন
ফাস্টো কেলাস!

গ্রহের ফেরে

কান্টিনে নিখরচা জলযোগ সেরে
ওরে বাবা, পড়লুম কি গ্রহের ফেরে?
হাসি মুখে হোস্ট
পাঁউরুটি টোস্ট
খাইয়েই বুঝি গিলতে চাইছে রে!

ঘাঘরাদিদি

ঘাঘরাদিদি, নাগরা পায়ে
চললে কোথা আদুল গায়ে?

বলছো কি গো, আদুল গা?
টপখানা কি দেখছো না?
বডি কালার, ট্রান্সপারেন্ট,
অতিরিক্ত নেই তো পেন্ট।

ফ্যাশন শোয়ে যাচ্ছি তাই
বুঝেই কমেন্ট কর না, ভাই!

লুল্লু

অনেকেই এই ভূতটাকে চেনো–
ভুতটার নাম লুল্লু,
খেয়ালবশত চেখে দেখছিল
একটি গেলাস চুল্লু।
এক ঢোঁকে পুরো সাবড়ে
গেল তো বেজায় ঘাবড়ে
ড্যাবড্যাবে চোখে চাইতে লাগলো
যেনবা একটা উল্লু!

সুবলাকি

বৌকে দিয়ে ফাঁকি
এথেন্স গিয়ে রেস্তোরাঁতে
খাচ্ছিল সুবলাকি!
যেই না খবর পাওয়া
অমনি পিছু ধাওয়া
বউয়ের ভয়ে মুক্তকচ্ছ
পৌঁছে গেল টাকি!

মোনালি

সোনালী চুলের মোনালি,
বাড়ির সামনে দাঁড় করিয়ে যে
আকাশের তারা গোনালি!
কখন যে দিবি দেখা
দাঁড়িয়ে রয়েছি একা
এর চাইতে যে ঢের ভালো ছিল
পাছাসুন্দরী মোনা লী!
১০
মুণ্ডুকবচ

মুন্ডুকবচ চাপিয়ে মাথায় বাইকটা দিলে স্টার্ট
পেত্নিটা বলে, আঁমরাঁ কিন্তু সংখ্যাঁয় আঁছি আঁট।
কোঈ বাত নেহী, হয়ে যাবে সব
ঝুলে পড়ো আর ছাড়ো কলরব
এক্ষুনি আমি পৌঁছে দিচ্ছি পাড়ার শ্মশানঘাট।
১১
কাকেশ্বর

উঁচু গাছ দেখে বাসা বেঁধেছিল
কাছাকাছি নেই খাদ্য
ট্রেনে চেপে তাই জোগাড় করছে
আটকাবে কার সাধ্য?
যদিও টিকিট ছাড়াই
এমনি বছর আড়াই
চলছে এখন কাকেশ্বরের
বাঁচাটাই প্রতিপাদ্য!
১২
উদলাদিদি

ও দিদি ভাই, উদলাদিদি,
ডাকছি আমি ভোলা,
নাক ডাকিয়ে ঘুমোচ্ছো যে
জানলা আছে খোলা!

একটু বাদে এপথ দিয়ে যাবেন কিনা উনি।
তাই তো আমি অমন করে প্রহরগুলো গুনি।

শুনলি তো সব, আর কিছু কি বলার আছে, শুনি?

Comment