এক ডজন ছড়া
(সপ্তম কিস্তি)
স্বপনকুমার পাহাড়ী
১
ক্রস ড্রেসিংয়ে
ক্রস ড্রেসিংয়ে জোয়ার এলে
স্কার্টদাদা যান বাজারে।
নাম কী দাদা?–যেই না শুধোয়
বলেন, বিনয় হাজারে।
গেঞ্জি-দিদির পিন্ধনে শর্টস
চলেন অঙ্গ দুলিয়ে–
পথচারীদের যা কিছু দুঃখ
সবই দিচ্ছেন ভুলিয়ে!
২
বডি পেইণ্টিং
ইন্ধনে ছিল না তো নিন্দন।
তাই এবে কিছু নাহি পিন্ধন।
বসান-ভূষণ সবই ত্যজিয়া্
শিল্পতে গিয়াছে সে মজিয়া।
শেষে হোলো শিল্পের নমুনা—
রঙে রাঙা রঙ্গিনী যমুনা।
৩
নায়ক
যাত্রাপালার নায়ক তিনি চলন বলন নাটুকে
বাবরি চুলে বুক চিতিয়ে হাঁটেন তিনি পা ঠুকে
সবাই বলে, অরিজিনাল
অর্থাৎ কিনা নাই ভেজাল
একটু হলেও কোনোভাবেই কাউকে আদৌ না টুকে।
৪
মঞ্জুলিকা
কঞ্চুলিকা ছাড়াই এখন
মঞ্জুলিকার বেশ।
সবাই বলে, দারুণ! এবার
ছাঁটবে নাকি কেশ?
কেশ ছেঁটেছে, বেশ ছেঁটেছে,
এবার বয়েজ কাট,
বুকের বোতাম সটান খুলে
জমিয়ে দিলে হাট!
হাট জমেছে, বাট জমেছে
জমলো স্নানের ঘাট–
ন্যাংটো দিদির সিনান দেখে
সবাই পুরো কাত।
৫
মন্টি
মন্টুর বোন মন্টি।
তার গলায় দোলে ফোনটি।
তার মিষ্টি গলার টোনটি।
সে মন্টুর বোন মন্টি।
সে মন্টুর বোন মন্টি।
তার বাছুরের নাম ঘন্টি।
তার আঁকতে লাগে কনটি।
সে মন্টুর প্রিয় বোনটি।
৬
পাছানৃত্য
মাচার ওপর মাচা-নৃত্য
যা কিনা আদপে পাছা-নৃত্য
আমিও ওটা পারি!
দেখতে চাইলে মাচায় তোলো
ওগো সুন্দরী নারী!
কোরো না আমায় হেয়
হতে পারি আমি নিতান্ত সারমেয়!
৭
লাঠিগজা
কাঠিগজা খেতে খেতে লাঠিগজা চাই!
লাঠিগজা এখুনিবা কোথা থেকে পাই?
এখুনি অর্ডার দিমু
অপেক্ষা কর হিমু
যতক্ষণ না আসে ওটা, বুঝলি ভাই!
৮
ন্যাংটো কুকুর
কী অসভ্য কুকুর রে তুই, ন্যাংটো থাকিস কেন?
ভদ্রলোকের বাড়ি রে এটা–নেই সামাজিক জ্ঞানও?
এবার থেকে পেন্টু পর
হাতে একখান লাঠিও ধর
দারোয়ান বলে তবেই মানাবে, চড়তে পাবি ন্যানো।
৯
ডাকিনী-যোগিনী
ডাকিনী-যোগিনী বাইকে চলেছে পরণে ঘাগরা-চোলি
নাগরাও পায়ে, পিচকিরি হাতে খেলবে এখন হোলি!
যত ভূত-প্রেত খেলার সঙ্গী
জমে ওঠে তাই মধুর ভঙ্গি
সঙ্গতে তার উপর্যুপরি আঁখিয়োঁসে মারে গোলি!
১০
অপরাধ
চমকাইতলার লোকটা থাকতো ধমকাইতলার বাড়িতে।
হঠাৎ সেদিন মামারা এসেই তুলে নিয়ে গেল ফাঁড়িতে।
ফাঁড়িতে চমক ধমক
সাথে মিশ্রিত গমক
এবং ঠমক বাঈজীদেবীর, অপরাধটা কি তাড়িতে?
১১
অগ্নিবাণ
হটপ্যান্ট দিদি ছুঁড়েছে অগ্নিবাণ,
ফুলপ্যান্ট দাদা হয়ে গেল অজ্ঞান!
জ্ঞান ফেরাতে চকাস চুমু
দাও না গালে, ও ভাই মুমু
ধড়ফড় করে উঠে বসবে ও সটান!
১২
কোলে
কোলে বসেছেন শ্রীকোলে।
শ্রীমতী যখন বিকোলে
একটি মুক্তোগাছায়।
অধিকন্তু ওপাছায়
মধুর চিমটি মুগ্ধ করেছে
গদগদ তাই নিকোলে!

