উৎসবের আনন্দ ও অক্ষরের অমর্যাদা।
বসন্ত আসুক আবিরের রাগে, পলাশ ফোটানো ঘ্রাণে,
উৎসব হোক বাঙালির হিয়া, নতুনের আহ্বানে।
শান্তিনিকেতন থেকে রাজপথ— খুশির জোয়ার বয়,
উৎসব মোদের প্রাণের মেলা, সংস্কৃতি অক্ষয়।
মেতে ওঠো সবে নৃত্যের তালে, গাও আনন্দের গান,
হৃদয়ে থাকুক ঐতিহ্যের সেই চিরন্তন সম্মান।
কিন্তু হে নবীন শিক্ষার্থীদল, একটি কথা শোনো—
বিদ্যার রূপ বর্ণকে কেন চরণে দলো না কোনো?
ফ্যাশনের টানে রাজপথ জুড়ে কেন অক্ষরের মেলা?
পায়ে পায়ে ঘষা বর্ণমালা— এ কি সাজে অবহেলা?
অক্ষর মানেই সরস্বতী মা, সে তো বিদ্যার কণা,
রাস্তার ধুলোয় তাকে মাড়ানো— এ ভুল উপাসনা।
আমি প্রশ্ন করি সব সুধীজনে— এ কি ঠিক কাজ হচ্ছে?
বাংলার বর্ণ কেন চরণে দলিত? কেন এ দৃশ্য সইছে?
উৎসব হোক, অনুষ্ঠান হোক, নেই তাতে কোনো মানা—
তবে কেন ভাষার কপালে আজ এই অসম্মান হানা?
শুভ বুদ্ধি সম্পন্নর উদয় হোক আজ সমাজের প্রতি স্তরে,
বিদ্যাকে রেখো মাথার মুকুটে, না রেখে মাটির ‘পরে।
অধ্যাপক থেকে কবি-সাহিত্যিক— জাগ্রত হোক প্রাণ,
উৎসব হোক সম্মানে ঘেরা, অটুট থাক ভাষার মান।

