কবিতা:ভরা ডুবি
কলমে: স্বাতী ব্যানার্জী
————————-
একবুক আকাশ নিয়ে
আমি স্থির থেকেছি।
সতর্ক নিঃশ্বাস নিয়েছি
তোমার ঘুম না ভাঙ্গে।
চোখের জলে উপুড় হয়ে
ডুব সাঁতার দিয়েছি
দুঃখের নীল গাঙে।
বৈঠা ছাড়া ভেসে গেছি
চোরাস্রোতে অজান্তে।।
তুমি তীরে বসে থেকেছ
নিরাপদে নিশ্চিন্তে।
শ্বেত পাথরের ফুলদানিতে
রাখা একগুচ্ছ পুষ্প স্তবকের
মত থেকেছ গন্ধ মেখে হৃদয়ে।
জলে ভেসে ওঠা ভাঙ্গা চাঁদের
প্রতিবিম্ব হয়ে কাঁপাতে কাঁপতে
মিলিয়ে গিয়েও থেকেছি ।।
উজানের মরণ ফাঁদে আমি ।
ভোরের ধ্রুবতারা হয়ে তুমি।
তোমার মুঠিতে ধরা রামধনু
যত্নে রাঙায়নি যে আমার
ঝড়ে ওড়া অবিন্যস্ত আঁচল
তবুও নোনা চোখের জলে
আমি ছিলাম ,আছি অবিচল।
Comment
