(ক)
ভিলককে কখনো জানতে না তুমি। সে তার থাবায় তুলে নেয় আমাকে। তার উষ্ণ জিভে ভেজায়
আমার চোখ,
আর যখন সে এভাবে শুভরাত্রি জানায়,
আমি শুনতে পাই বাবার চটিজোড়া
তাঁর ঘরগুলোর দিকে এগোচ্ছে।
আগামী কাল ভিলক আমাকে তার দাঁতে( ক’রে নিয়ে যাবে,
আর আমি হয়ে যাবো তার একটা শাবকের মত।
(খ)
একটা
ঘণ্টা প্রার্থনার জন্যে।
দ্বিতীয় ঘণ্টা
বিপদের কারণে।
এক দীর্ঘ রজ্জু ঝুলে থাকে প্রথমটির থেকে।
দ্বিতীয়টির থেকে
আমার বোনের জীবন।
দেবতামুক্ত,
কুকুরটি কনভেণ্টের গেটে লুকোনো ঘণ্টার শব্দ
শোনার জন্যে কান পাতে–
দিনরাত।
অনুবাদ: ৩০.০৩.১৯৭৭
(গ)
সে ঘেউ ঘেউ করে না কখনো।
বিপদসঙ্কেতের আগে,
সে শুধু তার দাঁতগুলো দেখায়
আর তার চোখগুলো ভরে ওঠে রক্তে।
তখন ভিলক এই জীবটিকে সাবধানে রাখবে
আস্তানার গোপনতায়। সে তার মুখ ঢেকে দেবে
লোমশ শরীরে,
আর তদারক করবে তার কাঁপুনির। বোবা।
যখন সে খুন হয়েছিল, আমার বোন ভিলকের আপাদমস্তক ধুয়ে দিয়েছিল
আর লিখেছিল: আমার ভাই,
বালিতে।

