:মায়ের নামে খোলা চিঠি :_
শিরোনাম ঃ মা
কলমে ঃ শাঁওলী সরকার
তারিখ ঃ 10/05/2026
শ্রীচরনেষু ‘মা’
দ্যাখো,মা আঁধার নেমেছে। তোমার তুলসীতলায় জ্বলেনি আজ কোন দীপ। বাজে নি কোন শাঁখ।
সেখানে জমেছে একরাশ শূন্যতা। ঘন কালো অন্ধকারে আজ নীরবতারা চুপি চুপি কথা বলে। যে কথায় মাঝে শোনা যায় অজানা কারোর দীর্ঘশ্বাস।
তোমার হাতের ছোঁয়া না পেয়ে ‘মাগো’ তুলসীমঞ্চটি হয়েছে আজ বড়ই বিবর্ণ। তারা আজও তোমার প্রতীক্ষায় দিন গোনে।
তোমার সাজানো তুলসীমঞ্চে আজ কেউ দেয় না আলো।
ফিরে এসো মা নতুন কোন রূপ নিয়ে। সাজিয়ে তোলো আবার তোমার সংসার। যেখানে তুমি সকাল, সন্ধ্যেতে মাথায় ঘোমটা টেনে জ্বালাবে দীপখানি। সেই দীপের উজ্জ্বলতায় পুনরায় প্রজ্বলিত হবে প্রতিটি প্রান।
তোমার উলুধ্বনি আর শাঁখের আওয়াজে দূর হবে সব শঙ্কা।
ফিরে এসো মা নতুন রূপে, দেখি তোমায় নয়ন মেলে। তোমার সন্তানরা যে আজও পথ চেয়ে রয়। আমরা যে তোমায় ছাড়া দিশেহারা।
আজ বিশেষ দিনে, মাতৃদিবসে প্রনাম পাঠাই তোমার অচেনা ঠিকানায়, যার সন্ধান জানি নাকো তোমার অভাগা সন্তানরেরা।
ভালো থেকো মা।
ইতি তোমার
মেয়ে শাঁওলী
SHAONLI SARKAR

Comment
