নিশিকাব্য
আসিফ আলতাফ
এই শহরে রাত নামে ধূর্ত শেয়ালের মতো।
রজনী জঠরে বসে স্বপ্নের বেনারসী বোনে
দিবসের বয়নী ভ্রুণ
চাঁদ এসে মুখ ধোয় রমণীর রমনীয় জলে ।
জোছনা-সুগন্ধী ছড়িয়ে
আঁধারের আরশিতে অধরের ঢেউ গোণে
যৈবতী নারীর মন।
যার পাদপদ্মে কোনোদিন খায় নি চুমো
রোদভেজা ঘাসের অধর
তার শরীর শয্যায় ক্রমাগত বদল হয়
বিছানা চাদর ।
শহরের সব নদী জেগে ওঠে
কচুরিপানারাও হয় গোলাপ টগর।
লাঙলের ফলারা নাচে জলের জমিনে
অত:পর কর্ষিত জমিনে
জলজ-বীজ বোনে জংলি কৃষক।
ক্ষুধার খুদকুড়ো আঁচলে বেঁধে
ল্যাম্পপোস্ট ঘরে রাত জাগে
ক্ষয়িষ্ণু মানুষ।
সোনার থালায় সারারাত
সুখ বেচে বেচে ক্লান্ত হয়ে
ঘরে ফেরে দু:খবতী নারী।
এই শহরে রাতের করপুটে
গিরগিটির মতো
ক্রমাগত রংপাল্টায়
নাগরিক জীবন।
*
Comment

