নবীনগর বাসস্ট্যান্ড ।। আসিফ আলতফ
আমরা দুজন কেউই নবীনগর এলাকায় থাকি না,
অথচ আমাদের দেখা এবং বিদায় দুই-ই হয়েছিল এই বাসস্ট্যান্ডে ;
সেদিন আপনি বাস থেকে নেমে ছিলেন
জীবন্ত রবীন্দ্রসঙ্গীত
বাস নাম্বার ——-হ্যাঁ, মনে আছে — ঢাকা- মেট্টো-১২১৫;
বলেছিলেন আপনি ফার্মগেট থাকন
তবে, নবীনগর থেকে ফার্মগেট এর দূরত্ব কতটুকু তা আমি জানার চেষ্টা করিনি;
মাঝে মাঝে ঢাকা যেতে হয়
যাই
যাবার সময় সামনে পড়ে নবীনগর বাস স্ট্যান্ড,
দেখি এখনো সে আপনার অপেক্ষায়—
একহাতে চুরুট
আর এক হাতে চা
পর্যায়ক্রমেই পান করে চলেছে ,
দৃষ্টি তার পথের দিকে;
বেচারা বাসস্ট্যান্ড
নির্ঘাত সে আপনার প্রেমে পড়েছে;
আপনারা অন্য কিছু ভাবলে নিজ দায়িত্বে ভাববেন,
তবে এইটুকু বলতে পারি আমি সব কিছুর প্রতিবাদ করি না
আর করাও সঙ্গত নয়
কি বলেন?

