শিরোনাম – মুহূর্তের তমসা
সৃজনে-বন্দনা পাত্র
জ্যোৎস্না ছিল আকাশের ওপারে
এপারে তমসা,
জোনাকি জ্বলা এক অমানিশা
একদিনের আকাশ —
সমস্ত সময় বিবিধ রঙের পাহাড়
সূর্য ওঠা সকাল
অমোঘ নিয়মের অন্তরালে গভীর
মুহূর্তের তমসা।
শব্দের ভিতরের দুপুর হলুদ গাঁদাফুল
উচ্চারণ সাধ্য নয়
এই সকাল সকল সময় চায়
আন্তরিক সম্মিলিত এক কোলাহল।
জোছনার এপারের তমসা জানে
মুহূর্তের বন্দীরেখা,
আকাশ পাখির বাসায় ফেরা গোধূলি
স্বেচ্ছাচারী হয় এক মুহূর্তে
সেই তো তিলেক তমসা-
অনন্য সময় সেই অমানিশা।
টংকার দেওয়া ধুনুরি যেন গভীর
গভীর হয় তমসা
শিশির জমা নিশীথ চোখে চোখে
বড় আঁধারে কথা কয়-
জোনাকির ছন্দ ভুলে সন্ধ্যা আরও
আঁধার হয়,
দু,তিনটে রাত নয়,একা এক মুহুর্তের
গভীর তমসা হয়।।
Comment

