পরিযায়ী শীত
বিবেক পাল
শিশির-ভেজা সাত সকালে
ব্যস্ত গাছি, ওঠে খেজুর গাছে
কলস-ভরা রস নামাতে ।
আপন তালে দোদুল দোলে
কলস ঝোলে বাঁকের কোণে,
পূব আকাশে সূর্য হাসে রঙ ছড়িয়ে ।
নিকানো উঠোনের একপাশে
রস জাল হয় গনগনে আগুনে
শীত উবু হয়ে বসে উনুনের চারপাশে ।
রস হয় নলেন-গুড়ে আগুন তাপে
প্রগাঢ় খুশীতে নেচে ওঠে
এই তনু-মন—-
অগোচরে–
বিষন্নতা গলে গলে পড়ে
শীতের কুয়াশায়—-!
প্রাণ জুড়ানো স্বাদ আস্বাদে
ভুলেই যাই আমরা
গাছের বুক-চেরা দীর্ঘশ্বাস !
পরিযায়ী পাখির মতন
শীত ফিরে যায়—
গ্রীষ্মের আগমনে !
উদাসী আকাশ তলে
শূণ্যবুকে সারি সারি খেজুর গাছ
গাছি, এখন নদীতে জাল ফেলে—
উনুনে আগুন জ্বলে——-
————————————————————–
১লা ডিসেম্বর ‘২৫ সোমবার । রাত ৮-৩০মিঃ ।
————————————————————–
Comment

