তোমায় একটা শীতের গল্প বলি …
গোবিন্দ মোদক
তোমায় একটা শীতের গল্প বলি —
পৌষ এলে বা মাঘ এলে এই যে কুসুমতলি;
হলদে রংয়ের সরষে ফুলে যায় ভরে তার মাঠ,
নানা রঙের উলের পোশাক, শীতের রাস্তাঘাট!
খেজুর রস … নলেন গুড় … হাঁক দিয়ে ওই চলে,
কাঁথা-কম্বল, লেপ-আলোয়ান শীতের কথাই বলে!
তোমায় একটা শীতের গল্প বলি —
পৌষ এলে বা মাঘ এলে এই যে শহরতলী;
বাজারেতে সতেজ ফসল কপি, পালং, শিম,
কুয়াশা আর শিশির মাখা হাওয়া ছোঁয়ায় হিম!
ডালের বড়ি, পিঠে-পায়েস, জয়নগরের মোয়া,
রাত্রিবেলায় আহা কি সুখ লেপের ওমে শোয়া!
তোমায় একটা শীতের গল্প বলি —
পৌষ এলে বা মাঘ এলে এই শহরের গলি;
গলির মুখে আগুন জ্বেলে সেঁকে নেওয়া হাত,
লেপ নেই তাই ঠকঠকিয়ে কাঁপন সারারাত!
ফুটিফাটা ঘরের ভিতর শীতের চাবুকখানা,
মাঝরাত্তিরে হঠাৎ করেই হাড় কাঁপানো হানা!
তোমায় একটা শীতের গল্প বলি —
পৌষ এলে বা মাঘ এলে এই যে মানুষগুলি;
কেউ বা যায় চড়ুইভাতি, কেউ ভ্রমণে দূরে,
কেউ বা আবার আনন্দ পায় বইমেলাতে ঘুরে!
কারো আবার পোশাক বিনে “ত্রাহি-ত্রাহি” ডাক,
মনে-প্রাণে প্রার্থনা তাই শীতটা এখন যাক!
তোমায় একটা শীতের গল্প বলি —
আমি থাকি সেই গাঁয়েতেই, নামটা কুসুমতলি!!

