আমার ভোট // হাই হাফিজ
============================
আমার ভোট এক পৃথিবী মানবতার পক্ষে,
হৃদয়ের উর্বর সমতলে মনুষ্যত্ববোধ চাষাবাদের পক্ষে,
হিংস্রতা, বর্বরতা আর অসভ্যতার বিরুদ্ধে
দুর্নিবার অকুতোভয় আন্দোলনের পক্ষে।
আমার ভোট এক আকাশ সুনীল শান্তির পক্ষে,
এক সমুদ্র সমৃদ্ধির উত্তাল ঢেউয়ের পক্ষে,
এক জমিন দৃষ্টিনন্দন সবুজ শ্যামলিমার পক্ষে,
সৌহার্দ্র, সম্প্রীতির নিখাদ ভালোবাসায় পূর্ণ
এক অসাম্প্রদায়িক জনপদের পক্ষে।
আমার ভোট এক নদী বহমান সুন্দরের পক্ষে,
দিনবদলের পূর্ণিমাঝরা শুভ্র মননের পক্ষে,
তারুণ্যের পাপড়িমেলা সুগন্ধি উদ্দীপনার পক্ষে,
অনস্বীকার্য, নির্মল সুকঠিন সত্যের পক্ষে।
আমার ভোট রক্তভেজা লাল ইতিহাসের পক্ষে,
লক্ষ কোটি বীর শহীদের অমর আত্মার পক্ষে,
শোষণ জুলুম নিপীড়নের কলঙ্কিত অন্ধকার থেকে
ঝলমলে সকালে ওড়ানো লাল-সবুজ পতাকার পক্ষে।
আমার ভোট স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতিসত্তার পক্ষে।
আমার ভোট আমার গৌরব, আমার অহঙ্কারের পক্ষে।
————————————————————————–
- হাই হাফিজ
০১৭১২২৭২৩০৬
Hai Hafiz

Comment
