HIRAMON RAY

কবিতা
শিরোনাম – বোবা প্রেমিক
কলমে – হীরামন রায়
তারিখ – ৩১-১২-২০২৫

ওরা কেউ কথা বলতে পারেনা।
কিন্তু আমি রোজ ওদের প্রেমে পড়ি।
বিভিন্ন সময় বিভিন্ন ভাবে,
ওরা প্রেমের আবেশে আবিষ্ট করে বারবার।

সকালের শুরুতেই আমার প্রথম প্রেমিক
বিছানা ছাড়ার সাথেসাথে জড়িয়ে ধরে,
ভীষণ ভাবে আঁকড়ে ধরে আমার কমল অঙ্গ।
সে অবশ্য ভীষণ রোমান্টিক।
তার নরম লোমশ অঙ্গের আবেশ দিয়ে
আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে।
ভরিয়ে দেয় ভালোবাসায়।

এর পরেও যখন বাহুমূলে, হস্তদ্বয়ে কাঁপন ধরে,
তখন আসে আমার এই আলগা প্রেমিক।
সকলকে টেক্কা দিয়ে ভীষণ ভালোবেসে
উষ্ণতায় ভরিয়ে দেয়।

বাইরে পা রাখার আগেই আমার পাগল প্রেমিক
আমার কানে কানে ফিসফিস করে
বলতে শুনি – আমাকে ছাড়া বাইরে যেওনা।
অমনি তুলে নিই, সে জড়িয়ে ধরে মাথা গলা কান,
চোয়ালে গভীর চুম্বনে আটকে থাকে।

ঐ আর একজন যতক্ষণ না মাথার উপর
তপ্ত তেজ বিকিরণ করে।
শনশন উত্তরে হাওয়া বয়
তাইতো এদের কাউকে ছাড়তে মন চায় না,
তবুও এই ভরা দুপুরে ঝলমলে রোদে
এদের ঝেড়ে ফেলি।
সে আসে উন্মুক্ত শরীরের রন্ধ্রে রন্ধ্রে,
তার স্পর্শ সুখ ভরিয়ে দেয় সর্বাঙ্গ।

পড়ন্ত বিকেলেই আবার শুরু হয় ওদের আনাগোনা,
সকালের সেই প্রেমিক দ্বয় একএক করে
পাগলের মত জড়িয়ে ধরে আমাকে।
অবশেষে রাতের গভীরে শান্তি বাসরে
স্বপ্নমোদির নেশা ধরাতে আসে,
নানা আসে না, আমি ছুটে যায় ক্লান্তির অবসানে।
সুখনিদ্রার জন্য যে আমার আপন ভোলা
প্রেমিক অপেক্ষা করে সারাটি দিন,
তার কাছে এলেই নিজেকে হারিয়ে ফেলি।
সে তার বুকের গভীরে আগলে ধরে
ভরে দেয় উষ্ণতা তখন সুখপাখি হয়ে
স্বপ্নপুরীর দেশে পাড়ি দেয় আমার চঞ্চল মন।

এরা কথাটুকু পর্যন্ত বলতে পারেনা,
তবু ও এদের প্রেমে হাবুডুবু খাই রোজ।
এঁরা যে আমার শীতের
– সোয়েটার, চাদর, মাফলার, বডি লোশন,
ঐ সূর্যালোক, আর লেপ কম্বল।

Comment