কবিতা:’মাশুল”
ড. মিনা বুলবুল হোসাইন
আমি তো বুঝতেই পারিনি, কেউ একজন ভুল করেছে বলে—
ভুলের মাশুল শোধে ক্লান্ত প্রজন্ম
ভয়ে কাঁপছে শহর, বন্দর আর গ্রাম,
কবিতার শব্দেরা জড়ো হয়ে আকুতি জানায়
পচা রাজনীতিক আর বাচাল সাংবাদিকের কাছে।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
বীর উত্তমরা মাটি ফুঁড়ে ওঠতে চায়,
শপথভাঙা নিস্তব্ধতায়
মুক্তির ইতিহাস কেঁপে ওঠে।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
প্রিয় মৃত্তিকা তার উর্বরতা হারায়,
ধানের শিষে ভাঙা সোনালি স্বপ্ন
রক্তে রাঙায়।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
প্রতিবাদী মুক্তিসেনারা ধূসর রাত্রিতে জেগে থাকে,
অপমানের আঁধারে আলো খুঁজে ফেরে,
নিঃশ্বাসে আঁকে ভীত সন্ত্রস্ত প্রতিচ্ছবি।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
পতাকার লাল রং ফিকে হয়ে যায়,
স্বাধীনতার গান হারায় সুর,
ভেসে যায় শূন্যতায়।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
শিক্ষক-বুদ্ধিজীবীরা হারায় মননের দীপ্তি,
চেতনার অগ্নিশিখা নিভে যায়
ক্লান্তির ধোঁয়ায়।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
সাংবাদিকরা সত্যের প্রাঙ্গণে ঢুকতে পারে না,
কলম বন্দী থাকে মিথ্যার কারাগারে,
অন্ধকারে হারায় ভাষা।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
বুদ্ধিজীবীরা থাকে নিস্তব্ধ,
স্বাধীনতার শপথে ভ্রুকুটি তোলে
বিভ্রান্ত প্রজন্মেরা।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
এ.আই. দুনিয়ায় সত্য আড়াল হয়,
নির্বাক অ্যালগরিদম চেপে ধরে
মানুষের অমৃত কণ্ঠ।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
সংস্কৃতির রঙ ম্লান হয়ে যায়,
গানের সুরে ভেসে ওঠে
কৃত্রিমতার শূন্যতা।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
দেশপ্রেম বন্দী থাকে ফাঁপা স্লোগানে,
আচরণে জেগে ওঠে
বিশ্বাসঘাতকতার ছায়া।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
শহীদদের রক্তে লেখা শপথ
আজ বাজারে বিক্রি হয়
ক্ষমতার দামে।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
চেতনার পতাকা অর্ধনমিত,
ভবিষ্যৎ প্রজন্ম হারায়
মুক্তির প্রাঞ্জল গতিপথ।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
সত্য আজ প্রশ্নের আগেই বন্দী,
ইতিহাসের পাতায় রক্তমাখা প্রশ্নচিহ্ন
দাঁড়িয়ে থাকে নিথর দেহে।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
আমরা সবাই দিচ্ছি ভুলের মাশুল,
মুক্তিযোদ্ধার আত্মা কাঁদে অবিরাম,
যেন রক্তস্রোতের ভেতর
নিঃশব্দ ঢেউয়ের আর্তনাদ।
আমি তো বুঝতেই পারিনি,
কেউ একজন ভুল করেছে বলে—
সত্যের দীপ নিভে যায়
রায়েরবাজারের রক্তসিক্ত মাটিতে,
আর নীরবতার প্রতিধ্বনির নিষ্ঠুর আলিঙ্গনে
ডুবে যায় দেশ।
কিন্তু তবুও—
ভুলের মাশুল গুনতে গুনতে
আমরা ভেঙে ফেলব বধ্যভূমির শিকল বেড়ি,
জাতির শপথ আবার জেগে উঠবে
রক্তে রাঙানো পতাকার মর্মস্পন্দনে।
ভোরের সোনালি সূর্য নির্মল জনতার মঞ্চে হেসে উঠবে,
শহীদের আত্মত্যাগে দীপ্ত এক অনলস ভোরে—
যেখানে বিশ্বাসঘাতকতার অন্ধকার গুঁড়িয়ে যাবে,
বাচাল বিজ্ঞজনের অন্ধ চোখে ফুটবে
সত্যের আলোর রেখা,
আর মুক্তির গান গাইবে সবাই—
লাল-সবুজের অবিনাশী পতাকা।
৩০/০৯/২০২৫
ওয়াটার গার্ডেন, টাঙ্গাইল।
