এসো
নিশিকান্ত রায়
এসো
শীতের পাখির পালক হয়ে
চোখ জুড়ানো ফসল কাটার গান কুড়িয়ে
গুছিয়ে নিয়ে নিপাট কথা।
দিন কেটে যায় রাত ডুবে যায়
বিষন্নতার নীরব ঘরে
তুমি এসে
আলতো করে তুলে ধরো তারার আকাশ।
আগুন জ্বালাই
আগুন নিভাই
কথার ভাঁজে লুকিয়ে রাখি ব্যস্ত সময়
স্টেশনে দাঁড়িয়ে থাকি
আলো ফেলে সব চলে যায়
আমি শুধু আঁধার নিয়ে ওভারব্রিজে
চেয়ে থাকি।
তোমার জন্য লিখে রাখি নীল সীমানা
চিকন নদীর এপার ওপার
সরষে ফুলের আকাশ জুড়ে মৌমাছিদের লুটোপুটি।
এসো-
শীত চলে যায়
রেললাইনে ছুটতে থাকি ইচ্ছে যেমন।
Comment

