খোলা জানালার পাখি
নিশিকান্ত রায়
জানালায়
ভেসে ওঠে শ্রাবণের মুখ
পরিচিত কথা ঘুরে ঘুরে
ধুলো-বালির গয়নার রূপ খুঁজে নেয় ।
হাওয়া পড়ে এলে
পাখির ডানায় উড়ে নানা কথা
নোঙরের চোখে দূরগামী ডেমোসেল ক্রেইন ।
অবারিত জানালার মুখচ্ছবি
কোথায় হারায়,
বুঝাতে পারি না।
জানালায় অচেনা আঙুল
আলোর আংটিতে নেচে ওঠে
শিস্ দিয়ে ভেসে যায় ভোর।
তার কালো চুল উড়ে এসে পড়ে
সমুদ্রের ছায়ার মতোই।
আমার জীর্ণ জানালাটুকুতে
মেঘের নুপুর,
গড়িয়ে পড়া গোধূলির সাথে
লালচে ডানার পাখি,
উড়ে না-
ঘুরে না,
শুধু চেয়ে থাকে মেঘের আকাশ।
Comment

