Pradip Sen

Pradip Sen

আমি নির্বাক হয়ে গেলাম
প্রদীপ সেন

বড্ড লাগলো বু্কে যখন বন্ধু তার স্বপ্ন বিসর্জন দিয়ে বলল সে মিডিয়া পার্সন হতে চায় না।
আশৈশব লালিত স্বপ্নের নিরঞ্জন! কেন রে?

বন্ধু দীর্ঘশ্বাস ফেলে বলে – সিকিউরিটি হিসেবে অনেক কিছু জমা করতে হয় রে়। ও আমার সাধ্যাতীত।

বহুদিনের বন্ধুত্ব আর বেচারার স্বপ্ন ও বহুদিনের। ভাবলাম, দেখি যদি সাহায্য করতে পারি।
বললাম – আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? যদি তোর স্বপ্নটাকে বাঁচানো যায়।

আরও একবার দীর্ঘশ্বাস ফেলে বন্ধু বলে – না রে, সে পথটাও যে বন্ধ।

হতাশ হয়ে বলি – কী রকম, শুনি?

এই ধর্ শিরদাঁড়াটা বন্ধক রাখা, বিবেককে বিসর্জন দিয়ে কালোকে সাদা বলা, কানা ছেলেকে পদ্মলোচন বলে রাত দিন প্রচার করা, অসুরকে সুর বলে প্রতিষ্ঠিত করা…

আমি ওকে থামিয়ে দিয়ে বলি – তাহলে সাংবাদিক হওয়াটাই যে মিথ্যে।

বন্ধু বলে – তাহলে? এই অদ্ভুত আঁধারে ঢুকে জ্ঞানান্ধ হয়ে আমার কী লাভ? আর সমাজের?

আমি নির্বাক হয়ে গেলাম।

Comment