আলোর ফুলি
পূর্ণিমা দাস (মিত্র)
সারা শহর ঘুরে কিশোরী কাঁদার জন্যে
একটি কাঁধ, রক্ত মোছার জন্যে
একটা আঁচল খোঁজে।
ধূসর আকাশে উড়ছে সর্বশেষ লজ্জাবস্ত্র খন্ড
ইন্টারনেটের যুগে তড়িৎ বেগে ছড়িয়ে পড়া
ঘটনার সাক্ষী থেকেছে সবাই
প্রতিবাদে গর্জে উঠেছিল বহু কণ্ঠ,
লেখা হয়েছিল রাত দখলের খসড়া।
কিশোরী ঠিক বুঝতেই পারেনি
কাটা কাটা যুক্তির ভীড়ে বিপননের ভাষা,
ভাঙাচোরা অলিন্দে সভ্যতার যাওয়া- আসা।
বিঞ্জাপনী অলিগলি ঘুরে বেড়েছে ত্বকের মেলানিন
বেড়েছে অভিঞ্জতার সূক্ষ্ম বলিরেখা,
ছায়া ঘেরা স্বাচ্ছন্দ্যের নম্র অনুভূতি ভেঙে
নিটোল চাঁদে ঝলসে উঠছে ধারালো অগ্নিশিখ।
ত্রিফলা বাতির উজ্জল নির্লজ্জতায়
যারা রাত দখলের রসালো গল্প লেখে,
তাদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট অতিযত্নে
আগলে রাখে কিশোরী তার প্রস্তর বুকে,
ধূলায় ধূসর পৃথিবীর তেল-কালি শুষে
তমসা ঘন ভূ-মন্ডলে আপন দ্যুতিতে
আলোর ফুলকি হয়ে ওঠে ফোটে।

