স্বপ্নময় ভবিষ্যৎ
সোহাগ ঘোষ
ধ্বংসটা একটু একটু করেই হোক
অথবা এক নিমিষে–
তবে ধ্বংস হোক।
ধ্বংস হোক নশ্বর দেহ
পরমাত্মার আর্তনাদ
সততা নামের শঠতা
বিবেক, বিবেচনা আর পিছুটান।
পৃথিবীর সমস্ত মেকির বাধ্যবাধকতা–
ধ্বংস হোক
ধ্বংস হোক অভিমান
প্রতিশ্রুতির মতো অবিশ্বাস
প্রতিদান স্বরূপ প্রতিবন্ধকতা
ন্যায় আর অন্যায়ের অনর্থক ভাবনা।
পৃথিবীর সমস্ত অনুচিতের আশঙ্কা–
ধ্বংস হোক
ধ্বংস হোক জনতার নিরবতা
অশালীন হওয়ার ভয়
অনিরাপদ নিরাপত্তার বলয়
পরাশক্তির পারমাণবিক সক্ষমতা।
পৃথিবীর সমস্ত সীমান্তরেখার কোন্দল–
ধ্বংস হোক,
ধ্বংস হোক সভ্যতার জয়গান
বহুজাতিক বিচ্ছিন্নতাবাদ
শ্রেষ্ঠত্বের লড়াই
মানুষের মানুষ হত্যা
সৃষ্টিকর্তার সুখে সৃষ্টির বিনাশ।
শত বর্ষে, শত দিনে অথবা শত পলকের আগেই
পৃথিবীর সমস্ত ধ্বংসাত্মক ক্রমবিকাশ–
ধ্বংস হোক।
তবু রক্ষা পাক সদ্যজাত শিশুর স্বপ্নময় ভবিষ্যৎ।
সোহাগ ঘোষ
১৩/১১/২০২৩
ঢাকা, বাংলাদেশ।

