সুধাংশু রঞ্জন সাহা-র একগুচ্ছ কবিতা
প্রেম
——–
তোমার চোখে এতোটুকু যৌনতা ছিল না।
শরীরে ছিল না কফির বাগিচা ।
হাসিতে ছিল সঙ্গীতের বিস্তার।
দু’আঙুলের ফাঁকে চারমিনার ।
ডাইনিইং টেবিলে সাজানো
পদ্মার ইলিশ-ভাঁপা,
জশোরের তেল কৈ অথবা
চট্টগ্রামের শুঁটকির অবাধ্য ঘ্রাণ ।
এতো বছর পর কেন যে
আমাকে লোভী করে তোলে আজও !
কেন মনে বেজে ওঠে নাটোরের বনলতা সেন
কিংবা শেষের কবিতার লাবন্য…!
————–
বিষ
——-
যে যা-ই বলুক
মানুষ সাপের চেয়ে বহুগুন হিংস্র !
সাপ সহজে বিষ ঢালে না,
যতটা সহজে তোলে ফনা ।
মানুষ ভালোবাসার নাম করে
যতোটা বিষ ঢালে,
তার দশ শতাংশও ভালোবাসতে পারে না ।
—————
কবিতা
———–
এখন আমি আর কবিতা পড়ি না।
নানা রকম প্রশ্ন পড়ি, জিজ্ঞাসা পড়ি ।
কবিতা মানে কি কফিঘরের বিতর্ক ?
পরিধির জটিলতা ?
নাকি, জীবনের ম্যাজিক নিয়ে শব্দের খেলা !
অথবা শব্দ ছাপিয়ে যে ইংগিত ভেসে ওঠে,
পরিধিহীন, মীমাংসাহীন সেইটুকুই মাত্র কবিতা ।
বাকি সব আরম্বর ।
+++++++++++++++++++++++++++
@ সুধাংশুরঞ্জন সাহা
৫৭/৬এ/২ সন্তোষ রায় রোড
শিবম অ্যাপার্টমেন্টস
কলকাতা – ৭০০০০৮
কলকাতা পশ্চিমবঙ্গ ভারত

