Swapankumar Pahari

এক ডজন ছড়া
(অষ্টম কিস্তি)
স্বপনকুমার পাহাড়ী

হাতিম তাঈ

কে তুমি বলতো, ভাই?
রাজা মহারাজা, ফের মহাদানী
কবিতাও লেখা চাই!
তুমি কি হাতিম তাঈ?

পাঁড় মাতালে

পাঁড় মাতালে টাঁড় মাতিয়ে
বলতে লাগে টিলায়,
বল্ দেখি তুই চাঁদটা কেন
অমন হাসি বিলায়?
টিলা তো নিশ্চুপ।
হঠাৎ শুনি ‘ধুপ্’।
আছড়ে প’ড়ে টিলার মাথায়
ইচ্ছেমত কিলায়!

সোমনাথের ভাই

সোমনাথের ভাই ব্যোমনাথ।
আপন পার্টির bombনাথ।
বোমটা বাঁধেন বাড়িতে।
শিল্পটি তাঁর নাড়ীতে।
ভোটের আগে জান লড়িয়ে
শিষ্যদেরও যান পড়িয়ে।
এদিকে আবার homeনাথ!
সোমনাথের ভাই ব্যোমনাথ।

বেহালাবাদিনী

বেহালাবাসিনী ভারি সুহাসিনী বেহালাবাদিনী রায়,
বেহালাবাদনে ক্রমে হ’ল নাম বেহালানাদিনী রায়।
বেহালার নাদে সবাই নাকাল
ব্যতিক্রম যা পোষ্য পাঁকাল
সে নাকি আবার কোর্টের উকিল
কিছুই মাখে না গায়!
বেহালাবাসিনী ভারি সুহাসিনী বেহালাবাদিনী রায়।

অবাক কাণ্ড

মাঝে ব্যবধান ডোবাটি মাত্র
তাই তো ইণ্টুমিণ্টু।
একজন যদি শাঁওলি নাম্নী
আন জন হোলো শিণ্টু।
অবাক কাণ্ড! একই সঙ্গে
দেখছে দুজনে নানান রঙ্গে
একই স্বপ্ন—পুকুরের পাড়ে
খেলছে দুজনে পিণ্টু।

জিন্দা

জিন্দা মেহের আলি
বাজাতে বাজাতে তালি
ফট করে ঢুকে পড়লে কখন কবরে,
পরদিন ঠিক ভোরে
জানি না কেমন করে
ভরা জলসায় চলে এলো ঠিকই খবরে।
কেউ বলে, আরে বাস
থাকবে কি বারো মাস
ওইটুকু ঘরে?–তবু যে খবর জবর হে!

নায়

পোঁটলাপুঁটলি বেঁধে যাচ্ছিল কালনায়
হঠাৎ পথের মাঝে দেখা হোলো কাল নায়।
শুধোলেম: কী খবর?
বললে: নয় জবর
কেবল এইটুকু যে, নেই দাঁড়-পাল নায়।

হঠাৎ সেদিন

হাত দুখানা হোলো যখন ডানা
চাঁদের দেশে অমনি দিলে হানা!
চরকা ফেলে চাঁদের বুড়ি
চড়বড়িয়ে ভাজলো মুড়ি
মুড়ির সাথে দিল মেঠাই-ছানা—
জলখাবারে রইল না আর মানা!

ডালিম

গাছখানাতে মাত্র দুটি ডালিম।
সম্ভবতঃ হয়েও থাকবে লালিম।
তাইতে নোলার জল ঝরেছে।
অনন্যোপায় তাই ধরেছে
চাখার বায়না পাড়ার বুড়ো হালিম!
১০
ডেটিং

ডেটিং তেনার লেগেই থাকে
মেটিংটাও হয়তো—
নিন্দুকেরা অমন কথা
যত্রতত্র কয় তো!
কবি বলেন, নদনদী সব
ইচ্ছেমত বয় তো!
১১
ভেলকি

করতে গেল সোহাগ
বোউ বললো, No hug
আজকে কিনা ফাগ
অন্য অনুরাগ
লাগ ভেলকি লাগ!
১২
খেঁদি

এক যে আছিল খেঁদি
করছিল জেদাজেদি
বিয়ে করবে সে, আর কাউকে না, আমাকে।
ভারী তো আহ্লাদ
মিটিয়ে দিতে সাধ
দেখিয়ে দিলুম থানার সেন্ট্রি মামাকে।।

Comment