আধুনিক হিব্রু সাহিত্যের দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
১৯
ক্রিস্টিনা খোঁড়া। সে দিনের সাথে আলাপ করে অক্ষিপক্ষ্মের মৃদু গুঞ্জনে। বাসা থেকেই সতর্কীকৃত একটা ঘুঘুর মতো।
ক্রিস্টিনা অনুধাবন করে তার মুখ। সনির্বন্ধ মিনতিতে ঢিলে একটা ডানা।
ক্রিস্টিনা সাহসভরে জীবন বিপন্ন করে
যতক্ষণ না সে তাকে নিজের কাছে নেয়।
ক্রিস্টিনা জানে সীমাহীন পথ,
কিন্তু কেবলমাত্র একটি
সে বাছতে পারে।
ক্রিস্টিনা জানে পূর্ণতা
প্রতিশ্রুতিবদ্ধ,
স্বর্গের দ্বারগুলি তার প্রার্থনার সীমানায়।
আমাদের সিস্টার ক্রিস্টিনার জন্যে একটা জীবন–
কিন্তু যথাযথ আরোগ্য নয়।
Comment
