কবিতা: সবটুকু আলোয় ভেসে যাবে
কলমে: তরুণ কুমার ইন্দু
একদিন সবটুকু আলো এসে পড়বে
এ পৃথিবীর যত অমানিশা শুষে নেবে;
আকাশের চেয়েও বিস্তীর্ণ আকাশ
সাগরের চেয়েও অতল সাগর,
এই পৃথিবীকে ঘিরে রাখবে তার
আপন বাহুপাশে।
সেদিন সহস্র তারারা বুকের ব্যথা
সেঁকে নেবে ভোরের কুয়াশায়।
একদিন সবটুকু জোছনায় ভরে যাবে
তোমার মনের গহীন রাতের অন্ধকার।
যেদিন হৃদয় দিয়ে অনুভবের রঙে
রাঙিয়ে দেবে অন্য একটি হৃদয়।
যেদিন সবটুকু অভিমান ছেড়ে
মেলে ধরবে নিজেকে জুঁই পাপড়ির মতো।
একদিন সবটুকু ভুল বুদবুদের মতো
মিলিয়ে যাবে স্মৃতির অশ্রু নীড়ে;
যেদিন ক্ষমার উপকূলে উঠবে
নিরন্তর অনুতাপের ঢেউ।
একদিন সবটুকু প্রেম, স্রোতস্বিনী হয়ে
বয়ে যাবে হৃদয়ের সমভূমি জুড়ে;
একবার! শুধু একবার ভালোবেসে দ্যাখো,
সবটুকু আলোয় তুমি ভেসে যাবে।।

