বেঁচে থাকতে একদিন নীলকুরিঞ্জি ফুলের মায়ায় পড়ে তাকে খুব করে চেয়েছিলেম। তার আপন হতে, তাকে তার মত ভালবাসতে যেই পথে আমি অক্লান্ত হেঁটেও তাকে পাইনি, ফিরতি পথে আমি বড় বিশ্বয় ভরে দেখি- তোমাদের হাতে হাতেই কি সুন্দর খেলা করছে আমার নীলকুরিঞ্জি ফুল। তোমরা তার প্রেমে মাতোয়ারা, তার লাবন্যে, তার শরীরের গন্ধে, চক্ষু শীতল করা ঔজ্জ্বল্যে তোমরা মাতাল বিহ্বল।
আমি কেন পাই নি? ভেবে দেখলাম- আমার হাত তোমাদের মত নয়। চুলে গুঁজে আমি নীলকুরিঞ্জি মাথায় তুলে রাখবো সে সাধ্যও আমার নেই। আমি নীলকুরিঞ্জিতে বড্ড বেমানান।
শৈশবে একদিন খেলার সাথীরা বলেছিলো- আকাশে রংধনু দেখা দিলে সেখানে সবাই মিলে খেলতে যাবে। মা বলেছে- “ঘুমিয়ে পড়ো খোকা, ঘুমের মধ্যে মেঘের বালক তোমায় নিয়ে খেলতে যাবে রাঙা ঘোড়ায় অথবা মেঘের ভেলায়। ” আমাকে না জানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে শৈশবের সেই সব বন্ধুরা। মেঘের বালক আমাকে রেখে তাদের নিয়ে কত উল্লাসে ঘুরে বেড়িয়েছে রংধনুর দেশে রাঙা ঘোড়ায় আর মেঘের ভেলায় ভেসে।
কৈশরে বাবা এবং শুভাকাঙ্খীরা বলতেন- “ছেলে একদিন অনেক বড় হবে। অনেক নাম করবে সমাজে। অনেক বড় বড় জায়গায় লেখাবে নাম। তোমরা দেখবে আমাদের সব দুঃখ, কষ্ট তখন সুখের জ্যোতি হয়ে ফুটবে।”
হায়! সেই থেকে আজ অবধি বাবার ক্লান্ত চোখ আর মায়ের ফ্যাকাশে মুখ ছাড়া আমার আর কিছুই দেখা হয়নি, লেখাতে পারিনি কোন নাম কোন বড় বড় জায়গায়। জ্যোতি বলতে দেখেছি কেবল বাবার ফোসকা পড়া হাতে পঁচা রক্তের ঝলক আর চুলার ধোঁয়ায় ঝলসে যাওয়া মায়ের করুণ দৃষ্টি।
তোমাদের সাথে সামাজিক স্ট্যাটাস মিলাতে গিয়ে প্রতিবারই আমার সকল কৌতূহল উল্লাস আর উদ্দীপনা বুকের মধ্যে খুব শক্ত করে লজ্জা হয়ে বিধে থাকতো। তোমাদের আধ পুরোনো জামা আমার গায়ে খুব সুন্দর সোভা পেলেও, আমি কোনদিন তোমাদের সাথে স্বগৌরবে দাঁড়াতে পারিনি। আমার হাতের খুচরো নুন ফুল তোমাদের গোলাপের উচ্চ বিলাসিতার সামনে নিজেকে প্রকাশ করতে বরাবরই হীনম্মতায় ভুগেছে।
আমার কিছু দুঃখ আছে, কষ্ট আছে, আঘাত আছে। বুকের মধ্যে ধামাচাপা ফোলা ফোলা বাতাস আছে। আমার অনেক দুঃখ আছে, কষ্ট আছে, আঘাত আছে।