আমি মারা যাবো খুব তুচ্ছ কিছু ভুলের জন্যে, খুব তুচ্ছ কিছু পাইনি বলে। সেই ভুল কিছু করেছি বুঝে, হয়তো কিছু না বুঝে, অতি আবেগে আর লালসার তাড়নায় পড়ে।
আমি জানতাম আমার সবটুকু ভালবাসা আমাদের মাঝে। আমাদের বলতে যারা আমার জন্ম থেকে আপন। আমাদের মাঝেই আমার জীবনের নির্যাশ, বেঁচে থাকার আশা। আমাদের হৃদয়ের মাঝেই দোল খায় আমার জন্য সবচেয়ে বেশি আদর, স্নেহ, মায়া, মমতা আর দুঃখ, বেদনা, হতাশায় সবচেয়ে দৃঢ় ভরসা।
কিন্তু আমি সেই অকৃত্রিম মধুময় সম্পর্কের দায় এড়িয়ে সুখের জন্য ছুটে গেছি তোমাদের কাছে। তোমাদের মাঝে আমি বারবার সুখ বিনিয়োগ করে সুখ পেতে ব্যর্থ হয়ে সবটুকু পুঁজি হারিয়ে এখন নিঃশেষ হয়েছি। আমি তোমাদের মাঝে বেঁচে থাকার ভুল উৎসে জীবন বিনিময় করে মৃত্যুকে উপহার হিসেবে পেয়েছি।
আমি মারা যাবো বেঁচে থাকার আনন্দ তোমাদের কাছে চেয়েছি বলে। আমি আমাদের আবেগকে অবজ্ঞা করে আবেগ পাবার আশায় তোমাদের হৃদয়ে আবেগের ভেলা ভাসিয়েছি। সেই আবেগ পাইনি বলে আমার হৃদয় বারবার ছিন্নভিন্ন হয়েছে।
মারা যাবো নিজের প্রতি উদাসীন হয়ে তোমাদের যত্ন নিয়েছি বলে। নিজেকে ভেঙে বারবার তোমাদের গড়েছি বলে। কারণ তোমরা ছিলে সেই অলাভজনক ব্যবসা যেখানে মুনাফার আশায় পূজিও হারাতে হয়।
আমি আমার রবকে ভুলেছি। ভুলেছি তার নিয়ামত যা কিছু দিয়েছে আমায়। তার সরল পথের দিশা ছেড়ে ভুল পথে চলেছি বারবার নিজের প্রবৃত্তি পরিতৃপ্ত করার আশায়। হয় তো বা স্বার্থের টানে বারবার জড়িয়েছি ভুল ভালবাসায়।
আমি মারা যাবো সময়কে হারিয়েছি তাই। আসলে সময় চলে তোমারই দিশা মতে কিন্তু আমি সময়ের বরকত তোমার কাছে চাই নাই। আমি মারা যাবো তাই হয়তো আমার লিখনে বেঁচে থাকা লিখো নাই!
আমি মারা যাবো কারো কারো নিষ্পাপ ছেলেমানুষী আবেগ হঠাৎ-ই কেমন বৃদ্ধ ও চতুর হয়েছে বলে। আমি হারিয়েছি আমাদের আর তোমাদের মাঝে আবেগের সেই অবুঝ কোমলতম অনুভূতি যার সান্নিধ্যে আমি কিছু না বুঝে বেঁচে থাকতে চাইতাম।