আমি মারা যাবার পর পরিপূর্ণ হবে অভিমান। যা কিছু ছিলো লেনদেন আর ভাব রসের আদান-প্রদান, মাঝে মাঝেই আবেগের কোমল ঝলকানিতে তোমাদের আবেগ ছোঁয়ার বাহানা, হৃদয়ের লেনাদেনা এসবের আর কিছুই হবে না। কিছুই হবে না।
তখন আমার সবটুকু দোষ ভুলে যেও। মনে রেখে কিই বা হবে? ক্ষমা করো। আমি না হয় স্বার্থের টানেই ভালবাসলেম। অনুতাপ ব্যথিত বুকে আমি স্বীকার করে নিলেম, তোমাদের ভালো চেয়ে আমি কোনদিন-ই তোমাদের ভালোবাসি নি।
তোমাদের দেখতে পেতে এই যে এত পথ হাঁটলেম, ভালবাসার আবেগে মেতে এই যে এত গান বাঁধলেম, মালা গাঁথলেম ফুলে ফুলে। কাঁটার ব্যথায় কাতর আমি এবার না হয় গেলেম চলে। দিন বদলে তোমরা না হয় ভুলেই গেলে কখন কোথায় কবে কোন বাঁধনে ছিলেম আমি।
আমি মারা যাবার পর আমায় তোমরা ভুলে যেও। ভালোবেসো না, ঘৃণাও করো না। আমার কি দোষ? কসম করে বলতে পারি, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষীই ছিলেম। তারপরেও এক জীবনে আমিই কেবল নষ্ট হলেম, কষ্ট পেলেম ভুল মানুষে ভালবেসে।
আমি মারা যাবার পর যদি কখনো অনুশোচনায় কাঁদে মন এই ভেবে___ ভালবাসার প্রতিদানে এত বিস্ময়কর ঘৃণা আর কার পানে ছুড়ে দেবে! তবে জানবে আকাশের তারা হয়ে এক মুঠো প্রেম চেয়ে আমি তখন হাত পেতে দূর হতে চেয়ে আছি এই প্রেমহীন নিরস পৃথিবীতে।