মৃতের মৃত্যুতে ব্যর্থ হয়নি প্রেম… – আবদুল্লাহ আল আদীব

তোমাদের নীলচে অবহেলায়,
আবদ্ধ ঘৃণায়
করুণ স্বরে করছে না আর বিলাপ
আমার স্বপ্ন, আশা, প্রেম।
কেবল ব্যর্থতা আর গ্লানি গুলোই
আষাঢ়ের মেঘের মতই গম্ভীর
এই বিবর্ণ, ভয়াল, বিভৎস অন্ধকারে।
প্রেম, মায়া, বিশ্বাস যা কিছু ছিলো
জীবনের দৌড়-
থেমে গেছে, স্থির হয়ে আছে বুকে।
স্মৃতির পর্দায় ভাসছে
জীবনের এক-এক টুকরো ছবি।
যোদ্ধারত ঘোড়ার রক্তাক্ত পায়ে
দূরন্ত কৌতূহলে,
অবিরাম বেগে ছুটে চলা জীবন
থেমে গেছে আজ।
জীবনের ক্লান্তি গুলো
ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে।
কোনদিন-ই জাগবো না আর,
জাগবার নিরাশায়,
জাগবার বিবর্ণ বেদনায়
মর্গের ইঁদুরেরা কাঁদছে কিচকিচ।
এখনও দিব্যি মনে আছে-
বহু রাত্রি আমি জেগেছি নিরালায়
আঁধারের প্রধান নিস্তব্দতায়।
ঘুম হয়নি বহুকাল,
এইভাবে ঘুমাবো বলে,
লাশ কাটা ঘরে প্রাণহীন অন্ধকারে।
এটাই হয়তো চেয়েছিলে বুঝি
আমি ঘুমাই লাশকাটা ঘরে- এইভাবে!
তবে জেনো-
মৃতের মৃত্যুতে ব্যর্থ হয়নি প্রেম,
মরেছি তো সেই বহু আগে;
এখন শুধু ঘুমাই এইভাবে-
ক্ষতবিক্ষত দেহে লাশকাটা ঘরে
চিৎ হয়ে পড়ে আছি টেবিলের ‘পরে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...