কদর্য… – আবদুল্লাহ আল আদীব

এই পৃথিবীতে সুন্দর কত কিছু—
তার কিছুই যে আমার নয়।
যেন আদিকালের অসভ্য মানুষ আমি,
আমার কদর্য মণ্ডিত জীবন
আর অপরিপক্ক হাত
ছুঁতে পারে না এই সুন্দর পৃথিবীর সুন্দর প্রয়াস।

ফুলের মখমল দেহ হতে
গোবরে পোকার মধু তোলার মতোই
হাস্যকর আমার প্রেম।
কেননা—
ফুল আমার নয়, ভ্রমরের;
আমাকে চায় না ফুল।

ফুল তার দেহ-মন সব বিলিয়ে দিতে
ব্যাকুল নিঃশ্বাসে চেয়ে থাকে ভ্রমরের পানে।
ভ্রমরের নিবিষ্ট চুম্বন শুষে নেয় ফুল
তার বক্ষে ও ওষ্ঠে।
আহহ্— কী অনিন্দ্য তাহাদের মধুমাখা প্রেম!

আমি কেবল অপ্রাপ্তির এই দীর্ঘশ্বাস বুকে চেপে
শূণ্য হাতে ফিরে আসি বারবার,
তোমাদের সভ্যতা হতে—
বেদনার চিরকুটে, কবিতার ছন্দে,
হতাশার কোনো নিঃশব্দ ডায়েরিতে।

আমাকে স্বপ্ন দেখানোর ভয়ে,
আমি স্বপ্ন দেখার যোগ্য নই বলে,
ওই সুন্দর রাতটাও নিশ্চুপ ঘুমিয়ে যায়
বন–বীথি–নক্ষত্র তলে।

তোমাদের ধনাঢ্য উল্লাস, স্ট্যাটাস, অট্টালিকা,
উচ্চবিত্ত আবেগ, সোনায় মোড়ানো প্রেম,
আর বাজপাখির চোখে উড়ন্ত ভালোবাসা—
ভালো লেগেছিলো বলে
অন্ধ প্যাঁচারাও বেঁকিয়েছিলো মুখ,
উপহাস করেছিলো মোরে
এই ধন্য ধরনি-তলে তোমাদের সকলে।

তোমাদের কারো সাথেই
আমাকে ভালো দেখায়নি কোনোদিন।
জীবনের সাথে আমি বেমানান—
তাই ভাঙা, বিদ্ধস্ত কবরে
শুয়ে কাটিয়েছি বহুদিন।
মৃত্যু তবুও আমাকে নেয়নি কাছে ডেকে;
মহাকালের যন্ত্রণারা বেঁচে থাকে মহাসুখে
আমারই বুকে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...