এ কথা বুঝাতে চেয়ে বুঝলেম… – আবদুল্লাহ আল আদীব

“আপনাকে আমি ভীষণ রকম ভালবাসি”
একথা বুঝাতে চেয়ে আমি বুঝলেম-
বড় বিভৎস আমার ভালবাসা,
অপ্রেমিকের মুখে
এ যেন অশ্লীল কোন ভাষা।
আমার সর্বস্ব দিয়ে
আপনাকে খুব করে আগলে রাখতে চেয়ে
আমি বুঝলেম-
হৃৎপিন্ডের পঁচা রক্ত ছাড়া
আপনাকে রাঙাবার জন্য
আমার কিছুই নেই।
আপনার সুখ দুঃখ,
বেঁচে থাকার সমস্ত আকাঙ্খ্যাকে জড়িয়ে
আপনার জীবনে খুব করে
থেকে যেতে চেয়ে আমি বুঝলেম-
আমি সেই অনাকাঙ্খিত ব্যাধি
যাহারে চাইনি কেউ এই অবধি,
আমি সেই আস্তাকুড়ের আসবাব,
নর্দমার কীট, মস্তিষ্কের জঘন্য স্মৃতি।
আমি হলাম তোমার আগুনে দগ্ধ হাত,
শ্বাসকষ্টের ঘ্রাণ,
জীবনের সেই বিষাক্ত বিষ ফোঁড়া;
যার যন্ত্রণায় দূর্বিষহ তোমার জীবন,
ভয়াল বিপন্ন তোমার বেঁচে থাকা।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...