আমরা কি আর বন্ধু নই? – আবদুল্লাহ আল আদীব

বন্ধু আমরা তো একসাথে ছিলাম,
আজ কেন দুই পাড়ে দাঁড়ায়?
তোমার চোখের ক্রোধের আগুন
কেন আমার বুকের স্বপ্ন পোড়ায়?
আমরা তো একসাথে খেলতাম মাঠে,
কেন আজ দুই ব্যানার ধরি?
কেন বন্ধু? কীসের দ্বন্দ্বে বন্ধুরা আজ
শত্র হয়ে আঘাত করি?
আমরা তো একি ক্যাম্পাসে একি হলরুমে
মেতে উঠি আড্ডায় পড়াশোনায়।
কেন আজ আমি আমাদের বনাম তুমি ওদের,
দুজন দুই পতাকার ছায়ায়?
বন্ধু আমাদের ঘিরে দেশ জননীর
স্বপ্নে তো কোন বিভেদ নাই।
৫২ থেকে ২৪ আমাদের বজ্র ধ্বনির
গণআন্দোলনেও দ্বন্দ্ব নাই।
বুলেটে ছেদ হয়ে বুক রক্ত যাদের
সগৌরবে ছুটে গেছে মহাবিপ্লবে
তাদের সাহস, স্বপ্ন ও তাজা রক্তের ধারাই
আমাদের সমুখে ডাকবে।
তবে কেন আদর্শের নামে এত বিভাজন,
আমরা মরছি ষড়যন্ত্রের জালে?
ওগো বন্ধু কেন তুমি আজ অন্য খাঁচায়,
আমি বন্দী তৃতীয় দেয়ালে?
বলো বন্ধু উত্তর দাও,
একি আমাদের রাজনৈতিক পরিচয়?
ভাঙলে ভাঙুক হৃদয়, সত্যি বলো-
আমরা কি আর বন্ধু নই?

চেয়ে দেখো বন্ধু-
ওই মাঠ, ওই ক্যাম্পাস,
ওই ক্লাসরুম আর ক্যানটিন
আজো ছলছল বেদনাবিধুর
স্বপ্ন আশায় গুনছে দিন।
আমরা আবার এক হবো,
হাতে হাত ধরে বলবো,
কাঁধে কাঁধ মিলে বিভাজন ফেলে
ন্যায়ের পতাকা ধরবো।

ওগো বন্ধু শুনো-
আমরা নেতা নয় সেবক হবো
দেশের সেবায় প্রাণ বিলাবো,
নেতা হয়ে পূর্বসুরির অপকর্মের
দায়ভার কেন বয়ে যাবো?
আমরা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে
হবো না কোন দলের-
আমরা হবো আমাদের,
দেশমাতার ও আমজনতার স্বপ্নের।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...