কবিতা: মনের ক্ষত…
শরীরে লাগলে চোট, রক্ত ঝরে লাল,
ওষুধের ছোঁয়ায় তা ফিরে পায় হাল।
মলম লাগালে পরে শুকিয়ে যায় ঘা,
সুস্থ হয়ে ওঠে শরীর, সচল হয় পা।
কিন্তু কথার বাণে বিঁধলে কারো মন,
সে ক্ষত শুকায় না পার হলেও জীবন।
অদৃশ্য সেই ব্যথা গুমরে মরে বুকে,
শান্তি কেড়ে নেয়, ছাই ঢালে সব সুখে।
জিহ্বাটা ছোট অস্ত্র, ধার যে তার বেশি,
এক নিমিষেই কাটে সব হাসাহাসি।
অহংকারের বশে বলে ফেলি যা তা,
ছিঁড়ে ফেলি অন্য কারোর সম্মানের পাতা।
মানুষের মাঝে আজ বাড়ছে দূরত্ব,
মিথ্যে এ অহংকারে হারায় সব সত্য।
আপন মানুষগুলো দূরে সরে যায়,
ভুল এক কথাতে সব মায়া হারায়।
অবনতির মিছিলে আমরা যে আজ বিরাজ,
বিদ্বেষের বাষ্পে আজ পুড়ছে এ সমাজ।
ভাইয়ে ভাইয়ে বিবাদ, ঘর খালি পড়ে,
শান্তি হারিয়ে যায় স্বার্থের ঝড়ে।
কথা বলার আগে তাই থেমো ক্ষণকাল,
শব্দ যেন না হয় কারো মরণ-জাল।
পরিমিত মিষ্টি সুরে বলো দুটি কথা,
পৃথিবীটা হোক শান্ত, দূর হোক সব ব্যথা।
~ জিয়াউর রহমান শিলন

