গোবিন্দ মোদক

আজও ডাকে শৈশব

গোবিন্দ মোদক

আজও ডাকে ছোট্টবেলার হারিয়ে যাওয়া দিন,

মনের মাঝে সে দিনগুলো বাজায় স্মৃতির বীণ।

প্রিয় ছিল কাঁচের গুলি, লাটিম নিয়ে খেলা,

চু-কিৎ-কিৎ খেলতে খেলতে বেড়ে উঠতো বেলা।

ইস্কুলেতে লুকিয়ে খেলা চোর-পুলিশের মজা,

সঙ্গী হতো জহর জামাল গোপাল রাজু ভজা।

হা-ডু-ডু বা কবাডি খেলা – হতো ছুটির পরে,

ইকিড়-মিকিড় খেলার স্মৃতি আজও মনে পড়ে।

কানামাছি খেলতে খেলতে বিকেল হত শেষ,

মনের মধ্যে জেগে আছে ডাংগুলি-টার রেশ!

বৃষ্টি হলেই খাতার পাতায় নৌকা গড়ে গড়ে,

ভাসিয়ে দিতাম ভেসে যেত বৃষ্টি জলের তোড়ে।

কুমির-ডাঙা খেলতে গিয়ে কতো হাসি মজা,

আব্বুলিশ আর চোরটামিতে ছেলেবেলা খোঁজা।

তাই – মনের মধ্যে ঘুড়ি ওড়ে ছেলেবেলার সুরে, 

আর দুরন্ত শৈশব ডাকে – আজও পিছু ফিরে॥

Leave a Comment