ARIJIT ROY

যখন তুমি ক্লান্ত মনে মনে
পূবের আলো আকাশ দেখায় না ,
যখন তুমি বাঁধ ভাঙা এক নদী
আগলগুলো ভেঙেছে অনাদরে-
যখন তোমার শুকনো চোখের জল
রাত জেগে রও মিথ্যে আশ্বাসে,
যখন তুমি অবহেলার সাথী
অপেক্ষাতে কাটছে সারা বেলা —
তখন আমি তোমার চাঁপা ফুল
ফুটছি হয়ে শেষ প্রহরের ভুল,
ভাগ করে নিই সকল অভিমান
সুগন্ধি হোক তোমার পুজোর ফুল।

যখন তোমার সুরের দেশে ক্লেশ
ভাঙছো তুমি বেসুর কলতান,
যখন তুমি একাকী এক ছায়া
কেউ রাখেনি খবর তোমার পর –
যখন তোমার গাল বেয়ে যায় নদী
পাহাড় দেশে পাগল ঝোরার মতন,
যখন তোমার গলার কাছে ব্যথা
হাত বাড়িয়ে আগলে রাখেনি কেউ–
তখন আমি তোমার ছায়া হব ,
থাকব ছুঁয়ে তোমার সকল শোক-
তোমার ঠোঁটে রাখব আমার ঠোঁট
ভালোবাসারই পুনর্জন্ম হোক।

6 Comments
  • অরিজিৎ রায়

    অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

    Reply · 7 months ago
  • G
    Guest

    তোমার হাতের ছোঁয়ায় ঘুম ভেঙ্গে যায় খুব ভালো হয়েছে প্রেমের কবিতা

    Reply · 7 months ago
    • A
      Arijit Roy

      আন্তরিক শুভেচ্ছা রইল

      Reply · 7 months ago
  • অরিজিৎ রায়

    এই প্রথম এখানে লেখা পোস্ট করলাম। খুবই সহজ পোস্ট করার প্রক্রিয়া। অন লাইন বাংলা সাহিত্যের জয় হোক।

    Reply · 7 months ago
    • A
      Admin

      নিরন্তর শুভকামনা ।

      Reply · 7 months ago
      • A
        ARIJIT ROY

        ধন্যবাদ ও শুভেচ্ছা

        Reply · 7 months ago