কোথায় হারালে তুমি
এক ঝাঁক কালো মেঘে আকাশ গেছে ছেঁয়ে
সোনার ধানক্ষেতে আজ ফোটে রক্তজবা
মরা নদীর বালুচরে কাঁদে অনুষ্ণ জল
অন্ধকার বনে অজানা ভয়ে দিশেহারা ডাহুক।
ডানা মেলা স্বপ্নরা অকাল মৃত্যুর সম্মুখীন
নিভে যায় উজ্জ্বল আলোর সোনালী দিন
দূরের ধুলো মাখা পথ ছেড়ে
সুতা কাটা ঘুড়ি ছুটে চলে গন্তব্যহীন।
মিথ্যা কথার ভীড়ে সত্য আজ বড় একা
বিবেকের দড়ি টেনে ধরে সংশয়ের রেখা
বুকে জমাট জলকষ্ট চোখে আগুন শিখা
কোথায় হারালে তুমি, যা ছিল স্বপ্নে আঁকা।
Comment

